মাহবুব সরদার সবুজ | Mahbub Sardar Sabuj

আচমকা পরিবর্তন

আমি সেই মানুষ, যে ভেতরে ভেতরে অনেকবার ভেঙে গেছে, কিন্তু বাইরে থেকে কখনো কিছু টের পেতে দেয়নি।…

কবিতা

আমি সেই মানুষ, যে ভেতরে ভেতরে অনেকবার ভেঙে গেছে, কিন্তু বাইরে থেকে কখনো কিছু টের পেতে দেয়নি। নিজেকে সামলে রাখার অভিনয়– আমি এত নিখুঁতভাবে শিখে ফেলেছি যে আমার কষ্টটাও এখন লুকিয়ে থাকতে শিখে গেছে। কারও আচমকা পরিবর্তন, কথায় উষ্ণতা কমে যাওয়া, আগ্রহের জায়গায় উদাসীনতা– এই ছোট ছোট বিষণ্ণতা আমাকে নিঃশেষ করে দেয়। কারও ‘আছি’ বলাটা যখন ‘ছিলাম’-এ রূপ নেয় তখন আমি আর নিজেকে চিনতে পারি না। অথচ আমি কখনো কারও কাছে খুব বেশি কিছু চাইনি, শুধু একটু স্থির থাকার জায়গা চেয়েছিলাম। আমার ভেতরে এক ধরনের নীরব ঝড় আছে, যা প্রত্যেকদিন আমাকে ভাসিয়ে নিয়ে যায়। আমি চেষ্টা করি নিজেকে শক্ত করে ধরে রাখতে, কিন্তু প্রতিবারই নিজের ভেতরের ভাঙনটা আর সামলাতে পারি না। আমি চাই, কেউ একজন থাকুক পাশে– যে বুঝবে আমার ভেতরের এই অসমাপ্ত যুদ্ধগুলো। আমি জানি, আমি সাধারণ নই। আমার অনুভব, আমার প্রত্যাশা, আমার রাগ– সবই হয়তো একটু বেশিই। কিন্তু আমি প্রত্যেকদিন নিজেকে বদলে ফেলার চেষ্টা করি, তবু কিছুই বদলায় না। তাই যদি কখনো তোমার মনে হয় আমি বোঝা হয়ে গেছি, তবে চলে যাওয়ার আগে অন্তত একটিবার বলে যেয়ো। হুট করে ফেলে রেখে গেলে– হয়তো আমি আর নিজেকে গুছিয়ে তুলতে পারবো না। কারণ– যাকে আমি আপন ভাবী, তার দেওয়া শূন্য জায়গাগুলোই আমায় সবচেয়ে বেশি কষ্ট দেয়!

লেখক:

সব লেখা পড়ুন | হোম পেজে ফিরুন