আচরণেই মানুষের আসল পরিচয়
ছোট লেখা |
মানুষের চরিত্র বোঝা যায় সে দুর্বল মানুষের সঙ্গে কেমন আচরণ করে। ক্ষমতাবান মানুষের সামনে ভদ্র হওয়া সহজ; কিন্তু যে মানুষ আপনার কাছ থেকে কিছুই নিতে পারবে না, তাকে সম্মান দেওয়াটাই প্রকৃত মানবতা। অনেক মানুষ ভদ্রতার মুখোশ পরে থাকে, কিন্তু সুযোগ পেলেই তার আসল রূপ প্রকাশ পায়।
ভালো মানুষ হওয়া কোনো ছোট বিষয় নয়। ভালো মানুষ মানে সব সময় হাসিমুখে সব সহ্য করা নয়; ভালো মানুষ মানে অন্যের প্রতি ন্যায়বান থাকা, নিজের ক্ষমতা দিয়ে কাউকে ছোট না করা, রাগের সময়ও সীমা না ভুলে যাওয়া। এই গুণগুলো অর্জন করতে শিক্ষা নয়, বিবেক দরকার।
আপনার পরিচয় শুধু আপনার অর্জনে নয়, আপনার আচরণেও। মানুষ হয়তো আপনার পদ ভুলে যাবে, কিন্তু আপনার ব্যবহারের স্মৃতি ভুলবে না। কাউকে সম্মান দিতে বড় হওয়ার দরকার নেই; বড় মন দরকার। তাই এমন মানুষ হওয়ার চেষ্টা করুন, যার কাছে এসে অন্য মানুষ নিজেকে নিরাপদ মনে করে। এটাই মানবতার সবচেয়ে সুন্দর পরিচয়।
মানুষের প্রতি মমতা রাখুন, কিন্তু নিজের বিবেককেও জাগ্রত রাখুন। ভালো আচরণই মানুষের সবচেয়ে স্থায়ী পরিচয় তৈরি করে।
লেখক: মাহবুব সরদার সবুজ