আপনিও আপনার জীবনের প্রয়োজনীয় মানুষ
ছোট লেখা |
মানুষ যখন খুব বেশি ভালোবাসে, তখন অনেক সময় সে নিজের প্রয়োজনগুলোকে গুরুত্ব দিতে ভুলে যায়। সে ভাবে, প্রিয় মানুষটা খুশি থাকলেই সব ঠিক। কিন্তু একসময় দেখা যায়, অন্যকে খুশি করতে করতে নিজের হাসিটাই কোথায় হারিয়ে গেছে। ভালোবাসা যদি একপাক্ষিক ত্যাগের নাম হয়ে যায়, তাহলে সেই ভালোবাসা মানুষকে পূর্ণ করে না; বরং ধীরে ধীরে ক্লান্ত করে ফেলে।
যে সম্পর্কে আপনার অনুভূতির মূল্য নেই, সেখানে আপনার উপস্থিতিরও প্রকৃত মর্যাদা নেই। শুধু আপনি যত্ন নেবেন, শুধু আপনি বুঝবেন, শুধু আপনি মানিয়ে নেবেন—এভাবে কোনো সম্পর্ক দীর্ঘদিন সুস্থ থাকে না। সম্পর্ক তখনই সুন্দর হয়, যখন দুজন মানুষই একে অপরের জন্য দায়িত্ব অনুভব করে।
তাই নিজের যত্ন নেওয়াকে স্বার্থপরতা ভাববেন না। আপনি ভালো থাকলেই আপনার ভালোবাসাও সুস্থ থাকবে। যে মানুষ নিজেকে ভালোবাসতে জানে না, সে একসময় অন্যকেও ক্লান্ত ভালোবাসা দেয়। নিজের জন্য একটু সময় রাখুন, নিজের মনকে শুনুন, নিজের অপূর্ণতাকেও গ্রহণ করুন। কারণ আপনি শুধু কারো প্রিয় মানুষ নন; আপনি নিজেও আপনার জীবনের সবচেয়ে প্রয়োজনীয় মানুষ।
লেখক: মাহবুব সরদার সবুজ