আত্মসম্মান বিসর্জন দেবেন না
ছোট লেখা |
মানুষের জীবনে আত্মসম্মান এমন এক সম্পদ, যা হারালে সব পাওয়ার মাঝেও মানুষ নিজের কাছে ছোট হয়ে যায়। কারো ভালোবাসা পাওয়ার জন্য, কারো মন রাখার জন্য, কারো কাছে থাকার জন্য যদি বারবার নিজেকে অপমান সহ্য করতে হয়, তবে সেই থাকা আসলে থাকার মতো নয়।
অনেকেই সম্পর্ক টিকিয়ে রাখতে নিজের আত্মসম্মান বিসর্জন দেয়। ভাবে, একটু সহ্য করলে সব ঠিক হবে। কিন্তু যে মানুষ আপনার সহ্য করাকে সুযোগ ভাবে, সে কখনো আপনার মনের মূল্য বুঝবে না। বরং যত আপনি মেনে নেবেন, তত সে আপনাকে সহজলভ্য ভাববে।
নিজের মর্যাদা রক্ষা করা অহংকার নয়। এটি নিজের জীবনের প্রতি দায়িত্ব। আপনি ভালোবাসতে পারেন, ক্ষমা করতে পারেন, অপেক্ষা করতে পারেন; কিন্তু নিজেকে বারবার ছোট করে কারো পাশে থাকা উচিত নয়।
যে সম্পর্ক আপনাকে নিজের চোখে ছোট করে দেয়, সেখান থেকে সরে আসা দরকার। কারণ আত্মসম্মান থাকলেই মানুষ সত্যিকারের শান্তি নিয়ে বাঁচতে পারে। যে মানুষ নিজের মর্যাদা ধরে রাখতে পারে, সে হারলেও ভেঙে পড়ে না, কারণ তার ভিতরে নিজের প্রতি সম্মান বেঁচে থাকে।
লেখক: মাহবুব সরদার সবুজ