ভালো বন্ধু ভাগ্যের বড় দান
ছোট লেখা |
বন্ধুত্ব মানে শুধু একসাথে হাসা নয়; বন্ধুত্ব মানে এমন একজন মানুষ, যার সামনে নিজের দুর্বলতাও লুকাতে হয় না। জীবনের ভালো দিনে অনেকেই পাশে থাকে, ছবি তোলে, অভিনন্দন জানায়। কিন্তু খারাপ দিনে যে আপনার পাশে বসে থাকে, কোনো বিচার না করে আপনার কথা শোনে, সে-ই সত্যিকারের বন্ধু।
আজকাল পরিচিত মানুষ অনেক, কিন্তু নির্ভর করার মতো মানুষ কম। অনেক সম্পর্ক আছে সুবিধার জন্য, প্রয়োজন শেষ হলে তাদের ব্যস্ততা বেড়ে যায়। অথচ সত্যিকারের বন্ধুত্বে হিসাব থাকে না। সেখানে কে কত দিল, কে কত নিল—এসব নিয়ে মাপামাপি হয় না। থাকে শুধু এক ধরনের নির্ভরতা, যা মানুষকে কঠিন সময়ে সাহস দেয়।
যদি জীবনে এমন একজন বন্ধু থাকে, যে আপনার অনুপস্থিতিতেও আপনার সম্মান রক্ষা করে, আপনার ভুল দেখলে আপনাকে সংশোধন করে, আর আপনার সফলতায় মন থেকে আনন্দ পায়—তাকে ধরে রাখুন। কারণ ভালো বন্ধু ভাগ্যের বড় দান। জীবনের দীর্ঘ পথে এমন মানুষ খুব বেশি আসে না।
বন্ধুকে শুধু আনন্দের দিনে খুঁজবেন না। তার দুঃখের দিনেও পাশে থাকুন, কারণ বন্ধুত্বের সত্যতা প্রমাণ হয় সুবিধার বাইরে গিয়ে।
লেখক: মাহবুব সরদার সবুজ