ভালোত্বের সঙ্গে আত্মসম্মান চাই
ছোট লেখা |
সত্যিকারের ভালো মানুষ হওয়া সহজ নয়। কারণ ভালো মানুষ অনেক সময় বেশি কষ্ট পায়, বেশি ক্ষমা করে, বেশি বোঝে, আর নিজের কষ্ট শেষ পর্যন্ত নিজের ভেতরেই রাখে। অনেকে তার সরলতাকে দুর্বলতা ভাবে, তার সহনশীলতাকে সুযোগ মনে করে। কিন্তু ভালো মানুষ হওয়া কোনো দুর্বলতা নয়; এটি চরিত্রের শক্তি।
তবে ভালো মানুষ হওয়ার অর্থ এই নয় যে সবাইকে নিজের জীবনে প্রবেশের অনুমতি দিতে হবে। দয়া থাকবে, কিন্তু সীমাও থাকবে। সাহায্য করবেন, কিন্তু নিজের ক্ষতি করে নয়। কাউকে সম্মান দেবেন, কিন্তু নিজেকে অসম্মানিত হতে দেবেন না। কারণ সীমাহীন ভালোত্ব অনেক সময় মানুষকে নিজের কাছেই অপরিচিত করে দেয়।
ভালো থাকুন, ভালো রাখুন, কিন্তু নিজের অস্তিত্ব হারিয়ে নয়। পৃথিবীর প্রতি সদয় হওয়ার আগে নিজের প্রতিও সদয় হন। যে মানুষ নিজের মর্যাদা রক্ষা করে অন্যকে সম্মান দিতে পারে, সে-ই প্রকৃত ভালো মানুষ। কারণ ভালোত্ব তখনই মহৎ, যখন তার সঙ্গে আত্মসম্মান থাকে।
তাই দয়ার সঙ্গে প্রজ্ঞা রাখুন। মানুষকে সাহায্য করুন, কিন্তু এমনভাবে নয় যে সাহায্য করতে করতে নিজের অস্তিত্বই ক্ষয়ে যায়।
লেখক: মাহবুব সরদার সবুজ