ভুল স্বীকার করা দুর্বলতা নয়
ছোট লেখা |
মানুষ যখন নিজের ভুল স্বীকার করতে শেখে, তখন সে সত্যিকারে বড় হতে শুরু করে। ভুল সবাই করে, কিন্তু ভুল ঢাকতে গিয়ে মানুষ অনেক সময় আরও বড় ভুল করে ফেলে। অহংকার মানুষকে ক্ষমা চাইতে বাধা দেয়, নিজেকে সংশোধন করতে বাধা দেয়, আর একসময় সম্পর্ক ও সম্মান দুটোই ক্ষতিগ্রস্ত হয়।
ভুল স্বীকার করা দুর্বলতা নয়। বরং এতে বোঝা যায়, মানুষ নিজের আচরণের দায় নিতে জানে। যে মানুষ বলতে পারে, আমি ভুল করেছি, আমি শিখছি, আমি বদলাতে চাই—সে পরিণত। কারণ সে নিজের অহংকারের চেয়ে সত্যকে বেশি মূল্য দেয়। এমন মানুষ সম্পর্ক বাঁচাতে পারে, বিশ্বাস ফিরিয়ে আনতে পারে, নিজের জীবনকেও ভালো পথে নিতে পারে।
তাই ভুল হলে নিজেকে ঘৃণা করবেন না, আবার ভুলকে অস্বীকারও করবেন না। ভুল থেকে শিক্ষা নিন। যাকে কষ্ট দিয়েছেন, তার কাছে ক্ষমা চান। নিজের আচরণ বদলান। মানুষ নিখুঁত হয়ে জন্মায় না; মানুষ শেখার মধ্য দিয়েই সুন্দর হয়।
এই শেখার মন থাকলে মানুষ বারবার নতুন হতে পারে। ভুল তখন লজ্জা নয়, উন্নতির দরজা খুলে দেওয়া অভিজ্ঞতা।
লেখক: মাহবুব সরদার সবুজ