বিদায় সব সময় শত্রু নয়
ছোট লেখা |
কিছু বিদায় আছে, যেগুলো মুখে বলা হয় না; শুধু আচরণের মধ্যে ধীরে ধীরে প্রকাশ পায়। একসময় যে মানুষ প্রতিটি খোঁজ নিত, সে আর খোঁজ নেয় না। যে মানুষ আপনার কথা শুনতে আগ্রহী ছিল, সে এখন ব্যস্ততার আড়ালে নিজেকে সরিয়ে রাখে। তখন বুঝতে হবে, সম্পর্কের দরজায় তালা পড়ার আগেই মন অনেক দূরে চলে গেছে।
এই সত্যটা মেনে নেওয়া কঠিন, কারণ মানুষ স্মৃতির কাছে দুর্বল। একদিনের হাসি, একসঙ্গে কাটানো সময়, কিছু আদরের বাক্য—এসব ধরে মানুষ বর্তমানের অবহেলাকে ক্ষমা করতে থাকে। কিন্তু স্মৃতি দিয়ে আজকের আচরণ ঢেকে রাখা যায় না। যে আজ আপনাকে অবহেলা করছে, সে গতকালের যত্ন দিয়ে আজকের কষ্টকে বৈধ করতে পারে না।
তাই বিদায়কে সব সময় শত্রু ভাববেন না। কিছু বিদায় মানুষকে অপমান থেকে বাঁচায়, কিছু দূরত্ব মানুষকে নিজের মর্যাদায় ফিরিয়ে দেয়। যে চলে যেতে চায়, তাকে ধরে রাখার জন্য নিজের ভেতরকে ভিক্ষুক বানাবেন না। মানুষ হারালে জীবন শেষ হয় না; নিজের সম্মান হারালে জীবন নিজের চোখেই ছোট হয়ে যায়।
লেখক: মাহবুব সরদার সবুজ