ব্যথাকে পরিচয় হতে দেবেন না
জীবনদর্শন |
সত্যিকারের পরিণত মানুষ নিজের কষ্টের জন্য পৃথিবীকে সারাক্ষণ দোষ দেয় না। সে জানে, কিছু অন্যায় তার সঙ্গে হয়েছে, কিছু মানুষ তাকে কষ্ট দিয়েছে, কিছু সুযোগ তার হাতছাড়া হয়েছে। তবু সে এসবের মধ্যে আটকে থেকে নিজের ভবিষ্যৎ নষ্ট করতে চায় না। সে ব্যথাকে অস্বীকার করে না, কিন্তু ব্যথাকেই নিজের পরিচয় হতে দেয় না।
পরিণতি আসে ধীরে ধীরে। মানুষ শেখে, সব লড়াই লড়তে হয় না, সব মানুষকে ধরে রাখতে হয় না, সব কথার উত্তর দিতে হয় না। সে বুঝে, নিজের জীবনকে এগিয়ে নেওয়ার জন্য কখনো কখনো চুপচাপ কাজ করাই সবচেয়ে শক্তিশালী জবাব।
যারা আপনাকে কষ্ট দিয়েছে, তারা আপনার গল্পের অংশ হতে পারে, কিন্তু আপনার শেষ অধ্যায় নয়। নিজের জীবনকে তাদের আচরণের মধ্যে আটকে রাখবেন না। আপনি চাইলে নতুন পথ তৈরি করতে পারেন, নতুন অভ্যাস গড়তে পারেন, নতুন মানুষ হতে পারেন। পরিণত মানুষ অতীতকে জানে, কিন্তু ভবিষ্যতের দিকে হাঁটে।
এই হাঁটাটাই তার বিজয়। কারণ যে মানুষ ব্যথার পরেও নিজের ভবিষ্যৎ গড়তে চায়, তাকে কোনো অতীত পুরোপুরি পরাজিত করতে পারে না।
লেখক: মাহবুব সরদার সবুজ