ছোট অভ্যাসের বড় কষ্ট
কবিতা |
তুমি চলে গেলে, শূন্যতা শিখালো কত কঠিন একা থাকা,
যে পথ ছিল দু'জনের, সে পথে আজ একার পদরেখা।
প্রতিটি কাজে সঙ্গীহীনতা, প্রতিটি ক্ষণে নীরব হাহাকার,
বুঝিনি আগে, সঙ্গীর অভাবে জীবন এত ভার।
বাজারের থলেতে আজও খুঁজি তোমার পছন্দের রঙ,
রান্নার ঘ্রাণে মিশে থাকে তোমার প্রিয় খাবারের ঢং।
প্রতিটি স্বাদে, প্রতিটি গন্ধে তোমার স্মৃতিরা জীবন্ত,
যেন তুমি আছো পাশেই, এই মন তবু কেন শ্রান্ত?
ফিরে আসার মিনতি নয়, শুধু এটুকু জেনে রেখো,
আমার প্রতিটি নিঃশ্বাসে তোমার অভাব আঁকা।
তোমার বেদনার কারণ হতে চাই না আমি আর,
শুধু জেনো, হৃদয়ের গভীরে তোমার আসন অক্ষয়, চিরন্তন।
বিশাল স্মৃতিরা তবু সহনীয়, বড় ব্যথা হয়তো ভোলা যায়,
কিন্তু ছোট ছোট অভ্যাসগুলোই নীরবে কাঁদায়।
তোমার প্রিয় তরকারি রাঁধতে গিয়ে, অজান্তেই ঝরে অশ্রুধারা,
স্মৃতির এই নিগূঢ় বাঁধনে, আজও আমি দিশাহারা।
লেখক: মাহবুব সরদার সবুজ