ছোট প্রতিশ্রুতির বড় দাম
কবিতা |
তোমার সাথে কলহ নয়, শান্তিতেই চাই বাস,
তবুও তোমার উদাসীনতা, জাগায় গভীর ত্রাস।
মুখে বলো 'হবে', কিন্তু কাজে তার নেই রেশ,
এই নীরব ব্যবধানই আমার যত ক্লেশ।
সহজেই দাও কথা, ভুলে যাও তার ভার,
স্মরণ করালে বলো, 'ব্যস্ততার পাহাড়'।
আমি তখন নির্বাক, ভাষা হারাই সব,
ভিতরে জমে ওঠে অব্যক্ত অনুভব।
নিখুঁত হওয়ার আবদার তো করিনি কভু,
শুধু চেয়েছি তোমার মনে জাগুক একটু অনুভব।
সবকিছু পারার দাবিও ছিল না আমার,
শুধু বলা কথাটুকু রাখার সযত্ন অঙ্গীকার।
ক্ষুদ্র প্রতিশ্রুতির ভাঙনে, সম্পর্কে ধরে ফাটল,
অগোচরে বাড়ে ব্যবধান, হয় মন চঞ্চল।
তুমি হয়তো বোঝো না, এই নীরব ক্ষত,
আমি প্রতি পলকে গড়ি, বেদনার শত শত।
লেখক: মাহবুব সরদার সবুজ