চরিত্রই মানুষের শেষ পরিচয়
ছোট লেখা |
শেষ পর্যন্ত মানুষের সবচেয়ে বড় অর্জন হলো এমন জীবন গড়া, যেখানে নিজের কাছে লজ্জা পেতে হয় না। আপনি কত বিখ্যাত হলেন, কত অর্থ পেলেন, কত মানুষ আপনাকে চিনল—এসবের চেয়েও বড় হলো, আপনি নিজের বিবেকের সামনে কতটা শান্ত। মানুষকে ঠকিয়ে পাওয়া সাফল্য বাইরে থেকে সুন্দর মনে হতে পারে, কিন্তু ভেতরে তা স্থিরতা দেয় না।
সৎ থাকা সবসময় সহজ নয়। অনেক সময় সত্য বললে ক্ষতি হয়, ন্যায়ের পথে থাকলে সুযোগ হারাতে হয়, বিনয়ী থাকলে মানুষ দুর্বল ভাবতে পারে। তবুও সৎ মানুষের ক্ষতি সাময়িক হতে পারে, কিন্তু তার মর্যাদা দীর্ঘস্থায়ী। যে মানুষ নিজের চরিত্র বাঁচিয়ে রাখতে পারে, সে হারলেও পুরোপুরি হারে না।
তাই জীবনের পথে এমন সিদ্ধান্ত নিন, যা রাতে ঘুমানোর আগে আপনাকে নিজের কাছে অপরাধী না করে। মানুষ আপনাকে ভুল বুঝতে পারে, কিন্তু আপনার বিবেক যদি জানে আপনি সৎ ছিলেন, তবে সেটাই বড় আশ্রয়। চরিত্রই মানুষের শেষ পরিচয়।
মানুষের স্মৃতিতে শেষ পর্যন্ত চরিত্রই থাকে। তাই এমনভাবে বাঁচুন, যেন আপনার অনুপস্থিতিতেও আপনার সততার কথা বলা যায়।
লেখক: মাহবুব সরদার সবুজ