ধারাবাহিক আচরণের সত্যতা
ছোট লেখা |
নিজের জীবনে শান্তি চাইলে মানুষের কথার চেয়ে মানুষের কাজকে বেশি গুরুত্ব দিতে হবে। কেউ মুখে আপনাকে খুব ভালোবাসতে পারে, কিন্তু তার আচরণে যদি অবহেলা থাকে, তবে সেই কথার মূল্য কমে যায়। কেউ মুখে পাশে থাকার প্রতিশ্রুতি দিতে পারে, কিন্তু দরকারের দিনে যদি তাকে পাওয়া না যায়, তবে সে প্রতিশ্রুতি শুধু সাজানো বাক্য হয়ে থাকে।
মানুষকে চিনতে তাড়াহুড়ো করবেন না। সময় মানুষের আসল পরিচয় খুলে দেয়। যে আজ মিষ্টি কথা বলে, সে কালও একইভাবে সম্মান করবে কি না, সেটাই দেখুন। যে আজ আপনার পাশে দাঁড়াচ্ছে, সে আপনার দুর্বল দিনেও একই থাকবে কি না, সেটাই বুঝুন। সম্পর্কের সত্যতা মুখে নয়, ধারাবাহিক আচরণে প্রকাশ পায়।
আপনার জীবনে এমন মানুষ রাখুন, যার উপস্থিতিতে আপনি নিজেকে নিরাপদ মনে করেন। যে আপনার কথা শুনে আপনাকে ছোট করে না, যে আপনার সাফল্যে খুশি হয়, যে আপনার ভুলেও আপনাকে মানুষ হিসেবে সম্মান করে। এমন মানুষ কম, কিন্তু তাদের মূল্য অসাধারণ।
এমন মানুষদের জন্য জীবনে জায়গা রাখুন। কারণ ভিড় অনেক হতে পারে, কিন্তু নিরাপদ সঙ্গ খুব বিরল এবং তা জীবনকে অনেক সহজ করে।
লেখক: মাহবুব সরদার সবুজ