ধৈর্য রাখুন নিজেকে হারিয়ে নয়
জীবনদর্শন |
মানুষের জীবনে ধৈর্য দরকার, কিন্তু তার সঙ্গে নিজের প্রতি ন্যায়বোধও দরকার। শুধু সহ্য করতে করতে কেউ বড় হয় না; কখনো কখনো সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারাই মানুষকে বাঁচিয়ে দেয়। যে মানুষ সবকিছু মেনে নেয়, তাকে সবাই শান্ত ভাবে, কিন্তু সে ভিতরে কতটা ক্ষয় হচ্ছে, সেটি চোখে পড়ে না।
ধৈর্য তখনই সুন্দর, যখন তা আপনাকে উন্নত করে। কিন্তু যদি ধৈর্যের নামে আপনি বারবার অপমান, অবহেলা, অসম্মান মেনে নেন, তবে সেটি ধৈর্য নয়, নিজের প্রতি অন্যায়।
নিজেকে প্রশ্ন করুন, যে জায়গায় আপনি আছেন, সেখানে আপনার মন সুস্থ আছে কি না। আপনি কি নিজের কথা বলতে পারেন? আপনি কি সম্মান পান? আপনি কি ভয় ছাড়া হাসতে পারেন? এই প্রশ্নগুলোর উত্তরই আপনাকে পথ দেখাবে।
জীবনে সবকিছু সহ্য করার জন্য আপনি জন্মাননি। আপনি শান্তি, মর্যাদা এবং ভালোবাসার যোগ্য। তাই ধৈর্য রাখুন, কিন্তু নিজেকে হারিয়ে নয়। নিজের প্রতি এই ন্যায়বোধ বজায় রাখলে মানুষ বুঝতে পারে, সহ্য করারও সীমা আছে এবং সেই সীমা রক্ষা করাই আত্মসম্মান।
লেখক: মাহবুব সরদার সবুজ