দূরত্বেও মর্যাদা রাখে যে
জীবনদর্শন |
কিছু সম্পর্ক দূরত্বে গিয়ে ভালো থাকে। খুব কাছে থাকলে প্রত্যাশা বাড়ে, অভিমান জমে, ছোট বিষয়ও বড় হয়ে ওঠে। কিন্তু কিছুটা দূরত্ব মানুষকে বুঝতে শেখায় কে কতটা দরকারি, কে কতটা আন্তরিক, কে শুধু অভ্যাস ছিল আর কে সত্যিকারের প্রয়োজন। তাই দূরত্ব সব সময় সম্পর্কের শেষ নয়; কখনো তা সম্পর্কের সত্য পরীক্ষা।
যে মানুষ দূরে গিয়েও আপনার সম্মান রাখে, আপনার সম্পর্কে মন্দ বলে না, আপনার কষ্টকে ঠাট্টা করে না—সে মানুষ পরিণত। আর যে মানুষ দূরত্ব পেলেই আপনার বিরুদ্ধে কথা বলে, সে কাছে থাকলেও সত্যিকারের আপন ছিল না। দূরত্ব অনেক মুখোশ খুলে দেয়।
কাউকে কাছে রাখার আগে দেখুন, সে দূরে গেলে কেমন থাকে। সম্পর্কের মান শুধু একসঙ্গে থাকার সময়ে বোঝা যায় না; বোঝা যায় বিচ্ছেদের পর আচরণেও। যে মানুষ আপনার অনুপস্থিতিতেও আপনার মর্যাদা রক্ষা করে, তাকে সম্মান দিন। এমন মানুষ কম, কিন্তু তারাই বিশ্বাসের যোগ্য।
সম্মান শুধু কাছে থাকার বিষয় নয়; দূরত্বেও যে সম্মান বজায় থাকে, সেটিই সম্পর্কের আসল সৌন্দর্য। এমন মানুষ সত্যিই মূল্যবান।
লেখক: মাহবুব সরদার সবুজ