একটুও মায়া হয়নি?
কবিতা |
কখনো সখনো বড় সাধ জাগে, তোমার দুয়ারে দাঁড়াই,
বলি, এ হৃদয়ের ভাষা কি তোমার অধরা রয়?
আকাশের বিশালতা তো চাইনি কভু,
শুধু চেয়েছিলাম, সামান্য মনোযোগ আর কিছু সময়।
কিন্তু তোমার জগৎ ছিল সদা স্বয়ংপূর্ণ,
আমার ক্ষুদ্র চাওয়াগুলো ছিল তোমার কাছে তুচ্ছ।
অভিমান জমতো বুকে, তুমি তা ভাঙতে চাইতে না,
বরং ভুল প্রমাণের খেলায়, দূরে ঠেলে দিতে নির্দ্বিধায়।
আজ আর কোনো দাবি নেই, কোনো অধিকারের বাঁধন,
নিজের গভীরে গুটিয়ে নিয়েছি সকল অনুভব।
ব্যস্ততার ঘেরাটোপে তুমি থাকো সুখে,
আমি না হয় বাঁচি আমার নিভৃত একাকিত্বের সাথে।
তবুও দিনের শেষে, যখন নিজের মুখোমুখি দাঁড়াই,
এক অব্যক্ত প্রশ্ন জাগে মনে—
যে হৃদয় তোমায় এতখানি ভালোবেসেছিল,
তার তরে কি জাগেনি তোমার বিন্দুমাত্র মায়া?
লেখক: মাহবুব সরদার সবুজ