হারানো সবসময় ক্ষতি নয়
জীবনদর্শন |
জীবনে হারিয়ে যাওয়া জিনিসের জন্য মানুষ অনেক কাঁদে, কিন্তু কখনো কখনো হারানোই মানুষকে বাঁচিয়ে দেয়। কিছু মানুষ চলে যায় বলেই আপনি নিজের শক্তি চিনতে পারেন। কিছু সম্পর্ক শেষ হয় বলেই আপনি বুঝতে পারেন, নিজেকে কতদিন অবহেলা করেছেন। কিছু দরজা বন্ধ হয় বলেই আপনি অন্য পথে হাঁটার সাহস পান।
প্রথমে মনে হয়, সব শেষ হয়ে গেছে। কিন্তু সময়ের সঙ্গে বোঝা যায়, যে হারানোকে একদিন অভিশাপ মনে হয়েছিল, সেটিই হয়তো ছিল জীবনের রক্ষা। মানুষ সবকিছু ধরে রাখতে পারে না, আর সবকিছু ধরে রাখাও দরকার নয়।
যা আপনার জন্য নয়, তাকে ধরে রাখতে গেলে হাত কেটে যায়, মন ক্লান্ত হয়, জীবন আটকে থাকে। ছেড়ে দেওয়া সবসময় দুর্বলতা নয়; অনেক সময় সেটাই সবচেয়ে পরিণত সিদ্ধান্ত।
তাই যা চলে গেছে, তাকে শুধু ক্ষতি ভাববেন না। অনেক হারানোই মানুষকে তার সঠিক পথে ফিরিয়ে আনে। যে মানুষ ছেড়ে দিতে জানে, সে সব হারায় না; বরং নিজের ভিতরে জমে থাকা ক্লান্তি থেকে ধীরে ধীরে মুক্তি পায়। এই মুক্তিই তাকে নতুন করে নিজের দিনগুলো সাজাতে সাহায্য করে।
লেখক: মাহবুব সরদার সবুজ