কাছে তবু দূরে
কবিতা |
প্রতিদিন তোমায় দেখি, পথচলা সঙ্গোপনে,
ভাষাহীন দৃষ্টি মোর, সাহস হারায় ক্ষণে।
তুমি হেটে যাও পাশে, অচেনা পথচারী সম,
আমি চেয়ে থাকি শুধু, তুমি রও নিরুপম।
বুকের গভীরে জমে অব্যক্ত কথার ভার,
হাসিতে তোমার জাগে প্রকাশের অঙ্গীকার।
চলে গেলে তুমি দূরে, সে কথা হারায় সুর,
অপ্রকাশিত প্রেম রহে, হৃদয়ের অন্তঃপুর।
নাহি চাই প্রেম তব, নাহি চাই অনুরাগ,
শুধু এক পলক দৃষ্টি, এ মোর নীরব ভাগ।
চেনা নাহি হোক পথ, নাহি হোক পরিচয়,
শুধু নামখানি মোর, স্মরণে যেন রয়।
প্রতিদিনের এই দেখা, তবুও মৌনতা ঘেরা,
নিকটের এই দূরত্ব, বড়ই যন্ত্রণাময়।
তুমি এত কাছে তবু, রয়েছো বহুদূর,
এই বিরহের সুরেই বাজে জীবনের সুর।
লেখক: মাহবুব সরদার সবুজ