কান্না লুকিয়ে দাঁড়িয়ে থাকা মানুষ
ছোট লেখা |
মানুষ যখন নিজের কষ্ট কাউকে বোঝাতে পারে না, তখন সে ধীরে ধীরে কথা কমিয়ে দেয়। বাইরে থেকে তাকে শান্ত মনে হয়, কিন্তু তার ভেতরে কত প্রশ্ন জমে আছে, সেটা কেউ জানতে চায় না। যে মানুষ সবসময় হাসে, সে সবসময় সুখে আছে—এই ধারণাটাই মানুষের সবচেয়ে বড় ভুল। অনেক হাসির পেছনে থাকে অগণিত রাত, যেখানে মানুষ নিজের বুকের কাছে নিজেকেই সামলাতে শিখে।
একটা সময় আসে, মানুষ আর অভিযোগ করে না। কারণ সে বুঝে যায়, যার কাছে নিজের দুঃখ ব্যাখ্যা করতে হয়, সে আসলে নিজের মানুষ নয়। সত্যিকারের আপনজন ব্যাখ্যার জন্য দাঁড় করায় না, সে চোখের ভাষা পড়ে নিতে জানে।
তাই যারা আপনার নীরবতাকে অহংকার ভাবে, তাদের কাছে নিজেকে প্রমাণ করতে যাবেন না। আপনি কতটা ভেঙেছেন, কতটা সামলেছেন, কতটা পথ একা হেঁটেছেন—এই হিসাব সবার জানার দরকার নেই। কিছু লড়াই মানুষের নিজের জন্য থাকে।
যে মানুষ কান্না লুকিয়ে হাসতে পারে, সে দুর্বল নয়। সে জীবনের কাছে হার মানেনি বলেই এখনো নিজের ভেতরে দাঁড়িয়ে আছে। তার এই দাঁড়িয়ে থাকাটাই তার সবচেয়ে বড় জয়।
লেখক: মাহবুব সরদার সবুজ