মাহবুব সরদার সবুজ | Mahbub Sardar Sabuj

কিছু বিদায় আত্মরক্ষার

ছোট লেখা |

মানুষের জীবনে কিছু বিদায় আছে, যা মুখে বলা হয় না; শুধু আচরণের ভেতর দিয়ে শেষ হয়ে যায়। একদিন দেখা যায়, যার জন্য এত ব্যস্ততা ছিল, তার জন্য মন আর আগের মতো ছুটে যায় না। যে নাম শুনলেই বুকের ভেতর অস্থিরতা তৈরি হতো, সেই নাম এখন শুধু একটি স্মৃতি হয়ে থাকে। এই পরিবর্তন হঠাৎ আসে না, আসে অসংখ্য উপেক্ষা, অপূর্ণ কথা আর একতরফা চেষ্টার শেষে। কেউ কাউকে একদিনে হারায় না। মানুষ হারায় ধীরে ধীরে, যখন তার কষ্টকে গুরুত্ব দেওয়া হয় না, তার অভিমানকে শিশুসুলভ বলা হয়, তার অপেক্ষাকে দুর্বলতা ভাবা হয়। যে মানুষ দীর্ঘদিন ধরে নিজেকে বুঝিয়ে রাখে, একদিন সে আর বোঝাতে চায় না। তখন তার চলে যাওয়াকে অনেকে নিষ্ঠুরতা বলে, অথচ কেউ দেখে না সে কতবার থেকে যাওয়ার কারণ খুঁজেছে। সত্যি বলতে, সব বিদায় ভাঙনের নয়; কিছু বিদায় আত্মরক্ষার। যে বিদায় মানুষকে নিজের কাছে ফিরিয়ে আনে, তা শেষ নয়, বরং নতুন করে বাঁচার শুরু। যে চলে যেতে শিখে, সে কখনো শূন্য হাতে ফেরে না। সে সঙ্গে নিয়ে ফেরে অভিজ্ঞতা, সংযম, আর নিজেকে নতুনভাবে ভালো রাখার শক্তি।

লেখক:

সব লেখা পড়ুন | হোম পেজে ফিরুন