মাকে অবহেলা করবেন না
ছোট লেখা |
মায়ের ভালোবাসা বোঝার জন্য বড় বড় বাক্য লাগে না। তার চোখের দিকে তাকালেই বোঝা যায়, একজন মানুষ কীভাবে নিজের পুরো জীবন আরেকজনের জন্য উৎসর্গ করে দিতে পারে। মা অনেক সময় নিজের কষ্টের কথা বলে না, কারণ সন্তান যেন চিন্তা না করে। নিজের প্রয়োজন কমিয়ে দেয়, যাতে সন্তানের প্রয়োজন পূরণ হয়। নিজের ঘুম ত্যাগ করে, যাতে সন্তানের রাত নিরাপদ কাটে। এই ভালোবাসার হিসাব কোনো দিন মেলানো যায় না।
আমরা বড় হতে হতে কত কিছু ভুলে যাই। ভুলে যাই, আমাদের সামান্য জ্বরেও যে মানুষটি অস্থির হয়ে পড়ত, সে নিজে অসুস্থ হলেও আমাদের সামনে হাসত। ভুলে যাই, আমাদের সাফল্যের পেছনে তার কত অনিদ্রা, কত ত্যাগ, কত না বলা কষ্ট লুকিয়ে আছে। মাকে ভালোবাসা শুধু মুখের কথা নয়; মাকে সময় দেওয়া, তার কথা মন দিয়ে শোনা, তার ক্লান্ত হাতের দিকে তাকিয়ে তার জীবনকে সম্মান করা—এসবও ভালোবাসা।
যতদিন মা আছে, ততদিন পৃথিবীতে আপনার জন্য একটি নিরাপদ প্রার্থনা আছে। তাই মাকে অবহেলা করবেন না। একদিন বুঝবেন, যার কাছে ফিরলে কোনো প্রশ্ন ছিল না, সেই মানুষটাই জীবনের সবচেয়ে বড় আশ্রয় ছিল।
লেখক: মাহবুব সরদার সবুজ