মানুষকে বিচার করার আগে ভাবুন
ছোট লেখা |
মানুষ অনেক সময় ভালো থাকার অভিনয় করতে করতে সত্যিকারের কষ্টের ভাষা ভুলে যায়। কেউ জিজ্ঞেস করলে বলে, সব ঠিক আছে। কারণ সে জানে, সব ঠিক নেই বললে আরও অনেক প্রশ্ন আসবে, আর সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার শক্তি তার নেই। তাই সে হাসে, কাজ করে, মানুষের সঙ্গে মিশে যায়, অথচ নিজের ভিতরে একা লড়ে।
এমন মানুষদের বিচার করবেন না। যে মানুষ কম কথা বলে, সে অহংকারী নাও হতে পারে; হয়তো সে ক্লান্ত। যে মানুষ হঠাৎ দূরে সরে যায়, সে বদলে যায়নি; হয়তো সে নিজেকে গুছিয়ে নিতে চাইছে। প্রত্যেক মানুষের ভেতরে এমন কিছু যুদ্ধ থাকে, যা বাইরে থেকে দেখা যায় না।
তাই মানুষের প্রতি একটু সহানুভূতিশীল হন। কারো আচরণ বুঝতে না পারলে তাকে কঠোরভাবে বিচার করার আগে ভাবুন, হয়তো সে এমন কিছুর মধ্যে দিয়ে যাচ্ছে, যা সে বলতে পারছে না। পৃথিবী একটু বেশি মানবিক হলে অনেক মানুষ ভেঙে পড়ার আগেই সাহস পেত।
একটু মমতা, একটু ধৈর্য, একটু মনোযোগ—এই সামান্য জিনিসগুলোই অনেক ভাঙা মানুষকে নতুন করে বাঁচার কারণ দিতে পারে।
লেখক: মাহবুব সরদার সবুজ