মেপে বলো
কবিতা |
তুমি যেদিন প্রথম বলেছিলে, “তোমাকে ছাড়া বাঁচা অসম্ভব,”
সেদিন আমার শূন্য জীবনে নেমেছিল অনাবিল উৎসব।
ভেবেছিলাম, এ-ই বুঝি জীবনের পরম প্রাপ্তি, চিরন্তন আলো,
কিন্তু আজ তুমি ঠিকই আছো আমায় ছাড়া, বেশ আছো ভালো।
বুঝলাম, মানুষের মুখে ফোটে কত কথা, সব তো সত্য নয়,
কিছু প্রতিশ্রুতি কেবলই মরীচিকা, যা শুধু স্বপ্ন দেখায়।
তোমাকে দোষ দিই না, হয়তো সেদিন তোমার অনুভূতি ছিল খাঁটি,
কিন্তু মন যে অস্থির নদী, বদলায় তার গতি, বদলায় তার মাটি।
যে কথা একদিন ছিল ধ্রুব সত্য, আজ তা কেবলই ছায়া,
এ-ই বুঝি ভালোবাসার নির্মম বিধান, এ-ই তার কঠিন মায়া।
তাই শুধু এইটুকু মিনতি, এরপর থেকে যা বলবে, তা মেপে বলো,
কারণ কিছু কথা হৃদয়ের গভীরে গেঁথে যায়, সহজে যায় না ভোলা।
লেখক: মাহবুব সরদার সবুজ