মাহবুব সরদার সবুজ | Mahbub Sardar Sabuj

মিসড কলের অপেক্ষা

কবিতা |

তোমার নাম ঝলমলে স্ক্রিনে যখন ভাসে, বুকের গভীরে এক অচেনা আলোড়ন জাগে। রিনরিনে সুর বাজে, দৃষ্টি নিবদ্ধ থাকে, ধরব কি ধরব না — এ দোলাচলে সময় হারায়। ধরলে শব্দেরা হারাবে পথ, না ধরলে ভাবনারা, এ জটিল অঙ্কে মগ্ন, কল কেটে যায় অবেলায়। তারপর নীরবতা, তোমার আর ফোন আসে না, আর আমি প্রতীক্ষায় থাকি, পরের সুরের আশায়। এ দ্বিধার গোপন কথা তুমি না জানো, ক্ষতি নেই, শুধু একবার ফিরে আসুক তোমার সেই আহ্বান। আমার অপ্রকাশিত ব্যাকুলতা না বুঝলেও চলবে, শুধু তোমার স্মৃতির পাতায় থাকুক আমার নাম। একটি হারানো ডাক, একটি অব্যক্ত অনুভব, এ দুয়ের বুননেই আমাদের সম্পর্কের ছবি। তুমি বুঝলে ভালো, না বুঝলেও মন্দ নয়, আমি তবু অনন্তকাল রবো এই অপেক্ষার কবি।

লেখক:

সব লেখা পড়ুন | হোম পেজে ফিরুন