নিজেকে ছেড়ে না দেওয়ার শক্তি
ছোট লেখা |
মানুষ যখন নিজের কষ্ট কাউকে বোঝাতে পারে না, তখন সে ধীরে ধীরে কথা কমিয়ে দেয়। বাইরে থেকে তাকে স্বাভাবিক মনে হয়, সে হাসে, কাজ করে, মানুষের সঙ্গে মেশে; কিন্তু তার ভেতরে প্রতিদিন একটা যুদ্ধ চলে। এই যুদ্ধের কোনো দর্শক নেই, কোনো করতালি নেই, কোনো স্বীকৃতিও নেই। তবুও মানুষ লড়ে, কারণ বেঁচে থাকা মানে শুধু দিন পার করা নয়, বেঁচে থাকা মানে নিজের ভাঙা অংশগুলো নিয়ে আবারও মানুষের মতো দাঁড়ানোর চেষ্টা করা।
যে মানুষ একবার নিজের কষ্টকে সামলাতে শিখে যায়, তাকে আর সহজে পরাজিত করা যায় না। কারণ সে জানে, মানুষ হারায়, মানুষ কাঁদে, মানুষ ভেঙে যায়; তবুও শেষ হয়ে যায় না। জীবনের সবচেয়ে বড় শক্তি আসে সেই মুহূর্ত থেকে, যখন কেউ পাশে না থাকলেও মানুষ নিজের কাঁধে নিজেই হাত রাখে। এই পৃথিবীতে অনেকেই আপনাকে বুঝবে না, কিন্তু আপনি যদি নিজেকে ছেড়ে না দেন, তাহলে কোনো হারই আপনাকে শেষ করতে পারবে না।
নিজের প্রতি দয়া রাখুন। নিজের কষ্টকে লজ্জা মনে করবেন না। যে কাঁদতে জানে, সে-ই একদিন সবচেয়ে সত্যিকারের হাসি হাসতে শেখে।
লেখক: মাহবুব সরদার সবুজ