নিজেকে ফিরে পাওয়া খুব জরুরি
ছোট লেখা |
মানুষের জীবনে এমন কিছু দিন আসে, যেদিন সে কারো সঙ্গে কোনো অভিযোগ করে না, কাউকে দোষ দেয় না, শুধু নিজের সঙ্গে বসে বুঝে যায়—এবার তাকে বদলাতে হবে। এই বদল বাইরে থেকে শুরু হয় না; শুরু হয় মনের সেই জায়গা থেকে, যেখানে মানুষ এতদিন অন্যের জন্য নিজেকে উপেক্ষা করে এসেছে। যেদিন মানুষ বুঝে যায়, নিজেকে হারিয়ে কাউকে ধরে রাখা যায় না, সেদিন থেকেই তার ফিরে আসা শুরু হয়।
আপনি যাদের জন্য নিজের আনন্দ, ঘুম, শান্তি সব বিসর্জন দিয়েছেন, তারা যদি আপনার সামান্য কষ্টও বুঝতে না চায়, তাহলে সেখানে আর নিজেকে প্রমাণ করার দরকার নেই। ভালোবাসা কখনো ভিক্ষা নয়, যত্ন কখনো একপাক্ষিক শ্রম নয়, সম্পর্ক কখনো একজনের আত্মত্যাগের উপর দাঁড়িয়ে থাকতে পারে না। যাকে প্রতিদিন বোঝাতে হয় যে আপনি কষ্ট পাচ্ছেন, সে হয়তো আপনার পাশে আছে, কিন্তু আপনার কাছে নেই।
নিজেকে ফিরে পাওয়া খুব জরুরি। কারণ মানুষ একবার নিজেকে হারালে পৃথিবীর সব অর্জনও তাকে পূর্ণ করতে পারে না। তাই নিজের জন্য বাঁচুন, নিজের মনের শান্তিকে মূল্য দিন, এবং এমন মানুষের জন্য নিজেকে শেষ করবেন না, যে আপনার অনুপস্থিতিতেও নিশ্চিন্তে ঘুমাতে পারে।
লেখক: মাহবুব সরদার সবুজ