নিজের জীবনের হিসাব নিজেকেই দিতে হবে
জীবনদর্শন |
মানুষের জীবনে সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলো কখনো তাৎক্ষণিক হয় না। সেগুলো ধীরে ধীরে তৈরি হয়, রাতের পর রাত ঘুমহীন থেকে, নিজের মনের সাথে অসংখ্য তর্ক করে।
কাউকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হোক বা কোনো পথ থেকে সরে আসার সিদ্ধান্ত হোক, এই মুহূর্তগুলো মানুষকে ভেতর থেকে পাল্টে দেয়। কিন্তু এই পরিবর্তনটাই আসলে জীবনের সবচেয়ে বড় শিক্ষা।
যে মানুষ কঠিন সিদ্ধান্ত নিতে পারে, সে নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে জানে। অন্যের মতামতের জন্য অপেক্ষা না করে, অন্যের অনুমোদনের মুখাপেক্ষী না হয়ে, নিজের বিবেকের কথা শুনে সিদ্ধান্ত নেওয়াটাই প্রকৃত স্বাধীনতা।
জীবনে অনেক মানুষ পরামর্শ দেবে, অনেকে সমালোচনা করবে, কিন্তু দিনশেষে আপনার জীবনের হিসাব আপনাকেই দিতে হবে। তাই নিজের মনের কথাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিন, কারণ আপনার জীবনটা আপনার নিজের, অন্য কারো নয়।
লেখক: মাহবুব সরদার সবুজ