নিজের জন্য বাঁচা স্বার্থপরতা নয়
ছোট লেখা |
অনেক মানুষ সারা জীবন অন্যের জন্য বাঁচতে বাঁচতে নিজের জন্য বাঁচতে ভুলে যায়। পরিবার, সম্পর্ক, সমাজ—সবাইকে খুশি রাখতে রাখতে সে নিজের ইচ্ছাগুলোকে ছোট করে, নিজের স্বপ্নগুলোকে পিছিয়ে দেয়, নিজের আনন্দকে গুরুত্বহীন ভাবতে শেখে। একসময় সে বুঝতে পারে, যাদের জন্য এত কিছু করেছিল, তারা তার ক্লান্তিকে খুব স্বাভাবিক বলে ধরে নিয়েছে।
নিজেকে উৎসর্গ করা মহৎ, কিন্তু নিজের অস্তিত্ব মুছে ফেলা মহত্ত্ব নয়। আপনি মানুষ, আপনারও পছন্দ আছে, স্বপ্ন আছে, বিশ্রামের প্রয়োজন আছে। সবাইকে সহায়তা করতে গিয়ে যদি নিজেই ভেতর থেকে ভেঙে পড়েন, তাহলে সেই সহায়তা একদিন বোঝা হয়ে দাঁড়াবে।
জীবনে নিজের জন্য কিছু সময় রাখা স্বার্থপরতা নয়। নিজের পছন্দের কাজ করা, নিজের মনকে শান্ত রাখার চেষ্টা করা, নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়া—এসবই বেঁচে থাকার প্রয়োজন। যারা সত্যিকারে আপনাকে ভালোবাসে, তারা চাইবে না আপনি নিজেকে শেষ করে তাদের পাশে থাকুন। তারা চাইবে আপনি নিজের মতো সুস্থ, সম্মানিত এবং হাসিমুখে বাঁচুন।
আপনি যত্ন পাওয়ার যোগ্য। এই সত্য মনে রাখলে নিজের জীবনকে আর শুধু অন্যের প্রয়োজনের তালিকায় আটকে রাখবেন না।
লেখক: মাহবুব সরদার সবুজ