নিজের কাছে সৎ থাকুন
ছোট লেখা |
শেষ পর্যন্ত মানুষের জীবনে সবচেয়ে জরুরি জিনিস হলো নিজের কাছে সৎ থাকা। পৃথিবী অনেক সময় আপনাকে এমন পথে ডাকবে, যেখানে সুবিধা আছে কিন্তু শান্তি নেই; প্রশংসা আছে কিন্তু সত্য নেই; বাহ্যিক সাফল্য আছে কিন্তু ভেতরে অস্বস্তি আছে। তখন নিজের বিবেকের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় সাহস।
সবাই আপনার সিদ্ধান্ত বুঝবে না। কেউ বলবে আপনি বোকা, কেউ বলবে সুযোগ হারালেন, কেউ বলবে এত নীতিবোধ নিয়ে চললে জীবন কঠিন হয়। কিন্তু যে মানুষ নিজের বিবেকের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, সে বাইরে যতই সফল দেখাক, নিজের চোখে নিজেকে সম্মান করতে পারে না।
জীবন ছোট, কিন্তু এর হিসাব বড়। আপনি কী পেলেন তার চেয়ে বেশি জরুরি, কীভাবে পেলেন। আপনি কোথায় পৌঁছালেন তার চেয়ে বেশি জরুরি, পথে কেমন মানুষ হয়ে থাকলেন। তাই সুবিধার জন্য সত্য ছাড়বেন না, স্বার্থের জন্য মানবিকতা হারাবেন না। নিজের কাছে সৎ থাকলে পথ কঠিন হতে পারে, কিন্তু মাথা উঁচু থাকে।
মাথা উঁচু রাখার এই শক্তি সহজে আসে না। কিন্তু একবার এ শক্তি অর্জন করলে মানুষ আর মিথ্যা সাফল্যের কাছে নিজেকে বিক্রি করে না।
লেখক: মাহবুব সরদার সবুজ