নিজের মনকে শোনার দায়িত্ব
জীবনদর্শন |
মানুষ যখন নিজের মনের কথা দীর্ঘদিন চাপা রাখে, তখন একসময় তার ভেতরে অস্থিরতা জমতে থাকে। সে বাইরে থেকে স্বাভাবিক থাকে, কাজ করে, হাসে, সবার সঙ্গে মিশে, কিন্তু ভেতরে ভেতরে ক্লান্তি বাড়ে। কারণ মনের সত্যকে বারবার অস্বীকার করলে মানুষ নিজের সঙ্গেই দূরত্ব তৈরি করে।
নিজের অনুভূতিকে গুরুত্ব দেওয়া জরুরি। আপনি কষ্ট পেলে তা স্বীকার করুন। আপনি ক্লান্ত হলে তা মেনে নিন। আপনি কাউকে আর আগের মতো বিশ্বাস করতে না পারলে সেটাও বুঝুন। নিজের মনকে সবসময় শক্ত থাকার আদেশ দিলে সে একসময় আর আপনাকে সহায়তা করতে পারে না।
নিজের সঙ্গে সৎ কথা বলুন। কী আপনাকে কষ্ট দিচ্ছে, কোন মানুষ আপনাকে দুর্বল করছে, কোন অভ্যাস আপনাকে পিছিয়ে দিচ্ছে—এসব দেখুন। সত্যের সামনে দাঁড়ানো কঠিন, কিন্তু মিথ্যার সঙ্গে বেঁচে থাকা আরও ক্লান্তিকর। নিজের মনকে শোনা নিজের প্রতি দায়িত্ব।
এই শোনা আপনাকে নিজের কাছেই সত্য রাখে। যে মানুষ নিজের মনকে অস্বীকার করে না, সে ধীরে ধীরে সঠিক সিদ্ধান্তের দিকে এগোতে পারে। এই সততাই একদিন আপনাকে সঠিক সিদ্ধান্তে পৌঁছে দেয়।
লেখক: মাহবুব সরদার সবুজ