নিজের মূল্য বুঝতে শেখা
জীবনদর্শন |
মানুষ যখন নিজের মূল্য বুঝতে দেরি করে, তখন অন্যেরা তাকে খুব সহজে ব্যবহার করতে শেখে। যে মানুষ সবসময় হ্যাঁ বলে, সবসময় মানিয়ে নেয়, সবসময় নিজের কষ্ট গোপন করে অন্যের সুবিধা দেখে, তাকে অনেকেই ভালো মানুষ বলে; কিন্তু সেই ভালো মানুষটির বুকের ভেতর কতটা ক্লান্তি জমে, সেটি কেউ জানতে চায় না।
ভালো হওয়া মানে নিজের প্রতি অবিচার করা নয়। ভালো হওয়া মানে অন্যকে সম্মান দেওয়া, কিন্তু নিজের সম্মানও রক্ষা করা। আপনি যদি নিজের সীমা না টানেন, তবে অনেকেই আপনার সহ্য করার ক্ষমতাকে অধিকার ভেবে বসবে।
জীবনে কিছু মানুষকে না বলতে শেখা দরকার। কারণ প্রতিটি অনুরোধ মানা দায়িত্ব নয়, প্রতিটি সম্পর্ক ধরে রাখা কর্তব্য নয়, প্রতিটি কষ্ট সহ্য করা মহত্ত্ব নয়।
নিজের মূল্য বোঝা মানুষ কখনো অহংকারী হয় না; সে শুধু জানে, কোথায় থামতে হয়, কোথায় সরে আসতে হয়, আর কোথায় নিজের জন্য দৃঢ় হয়ে দাঁড়াতে হয়। এই বোঝাটাই মানুষকে ভেতর থেকে মুক্ত করে। এই দৃঢ়তা অর্জন করতে সময় লাগে, কিন্তু একবার মানুষ নিজের সম্মানের পাশে দাঁড়াতে শিখলে তাকে সহজে আর অবহেলায় নামিয়ে আনা যায় না।
লেখক: মাহবুব সরদার সবুজ