নিজের মূল্য নিজেই জানুন
ছোট লেখা |
অনেক সময় মানুষ নিজের মূল্য ভুলে যায়, কারণ সে ভুল মানুষের কাছ থেকে মূল্য পাওয়ার চেষ্টা করে। যে মানুষ আপনাকে বুঝতেই চায় না, তার কাছে বারবার নিজের ভালোবাসা, সততা, ত্যাগের ব্যাখ্যা দেওয়া এক ধরনের আত্মঅবমাননা। সব হৃদয় আপনার আন্তরিকতা গ্রহণ করতে পারবে না, আর সেটি আপনার ব্যর্থতা নয়।
আপনি কারো জীবনে কতটা দিয়েছেন, সেটার হিসাব হয়তো সে রাখবে না। কিন্তু আপনি যেন নিজের কাছে সত্য থাকেন, সেটাই বড় বিষয়। অন্যের অকৃতজ্ঞতা আপনার ভালো হওয়ার ক্ষমতা কেড়ে নিতে পারে না, যদি আপনি নিজেকে ভুলে না যান।
নিজের মূল্য বুঝতে শিখুন। যে মানুষ আপনার উপস্থিতিকে অবহেলা করে, তাকে আপনার অনুপস্থিতির অর্থ বুঝতে দিন। কখনো কখনো দূরে যাওয়াই মানুষকে নিজের মর্যাদা মনে করিয়ে দেয়।
আপনি কারো অনুগ্রহের জন্য জন্মাননি। আপনি সম্মান, যত্ন এবং সত্যিকারের মমতার যোগ্য। তাই নিজেকে কম দামে তুলে দেবেন না। নিজের মূল্য বুঝতে পারলে মানুষ আর অবহেলার বিনিময়ে ভালোবাসা কিনতে চায় না, সে সম্মানের জায়গায় দাঁড়াতে শেখে। এই সম্মানই তাকে ভুল মানুষের কাছ থেকে মুক্ত রাখে।
লেখক: মাহবুব সরদার সবুজ