নিজের পক্ষে দাঁড়ানোর সাহস
জীবনদর্শন |
কিছু সিদ্ধান্ত মানুষকে খুব একা করে দেয়, কিন্তু সেই একাকীত্বের মধ্যেই তার মুক্তি থাকে। ভুল সম্পর্ক থেকে সরে আসা, অসম্মানজনক জায়গা ছেড়ে দেওয়া, নিজের জন্য নতুন পথ বেছে নেওয়া—এসব সিদ্ধান্ত প্রথমে কষ্ট দেয়। কারণ পরিচিত কষ্টও অনেক সময় নিরাপদ মনে হয়। কিন্তু নিরাপদ মনে হলেই তা সুস্থ, এমন নয়।
যে জায়গায় থেকে আপনি প্রতিদিন একটু একটু করে নিজেকে হারাচ্ছেন, সেখান থেকে বের হয়ে আসা সাহসের কাজ। সবাই আপনার সিদ্ধান্ত বুঝবে না। কেউ বলবে আপনি বদলে গেছেন, কেউ বলবে আপনি অহংকারী হয়েছেন। কিন্তু তারা হয়তো জানে না, কতদিন আপনি ভেঙে পড়েও সম্পর্ক, জায়গা বা মানুষকে বাঁচাতে চেষ্টা করেছেন।
নিজের শান্তির জন্য নেওয়া সিদ্ধান্তকে অপরাধ ভাববেন না। আপনি কারো বিরুদ্ধে নয়, নিজের পক্ষে দাঁড়াচ্ছেন। জীবনে এমন সময় আসে, যখন নিজের পক্ষে দাঁড়ানোই সবচেয়ে মানবিক কাজ। যে একা হওয়ার ভয় জয় করতে পারে, সে আর ভুল সঙ্গের কাছে নিজেকে বন্দী রাখে না। নিজের পাশে দাঁড়ানোর এই ক্ষমতাই তার নতুন জীবনের দরজা খুলে দেয়।
লেখক: মাহবুব সরদার সবুজ