নিজের স্বপ্নের পাশে থাকুন
জীবনদর্শন |
মানুষ যখন নিজের স্বপ্ন নিয়ে হাঁটা শুরু করে, তখন প্রথম বাধা আসে নিজের ভেতর থেকেই। আমি পারব তো, মানুষ কী বলবে, যদি ব্যর্থ হই—এই প্রশ্নগুলো অনেক স্বপ্নকে শুরু হওয়ার আগেই থামিয়ে দেয়। অথচ কোনো বড় পথই নিশ্চয়তা নিয়ে শুরু হয় না। পথ তৈরি হয় হাঁটতে হাঁটতে।
যারা স্বপ্ন দেখে, তাদের একটু একা চলার প্রস্তুতি রাখতে হয়। কারণ শুরুতে সবাই বুঝবে না, সবাই বিশ্বাস করবে না, সবাই পাশে থাকবে না। কেউ হাসবে, কেউ নিরুৎসাহিত করবে, কেউ বলবে তুমি পারবে না। কিন্তু অন্যের সন্দেহকে নিজের নিয়তি বানালে জীবনের প্রতি অন্যায় করা হয়।
স্বপ্ন শুধু কল্পনা নয়; স্বপ্ন হলো প্রতিদিনের চেষ্টা, নিজেকে বারবার গুছিয়ে নেওয়া, ব্যর্থতার পরও আবার দাঁড়ানো।
আপনি যদি নিজের স্বপ্নকে সত্যি মনে করেন, তবে তার জন্য পরিশ্রম করুন। মানুষ ফল দেখলে বুঝবে, কিন্তু তার আগে আপনাকেই নিজের বিশ্বাসের পাশে থাকতে হবে। নিজের বিশ্বাসের পাশে থাকার এই সাহসই একদিন আপনাকে অন্যদের চোখে নয়, নিজের চোখে সম্মানিত করে তুলবে। তাই দেরি হলেও শুরু করুন।
লেখক: মাহবুব সরদার সবুজ