নিজের সিদ্ধান্তের স্বাধীনতা
ছোট লেখা |
জীবনের পথে একসময় মানুষ বুঝতে পারে, সবার মতামত শুনলে নিজের সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে যায়। কেউ বলবে, এই পথ ঠিক নয়। কেউ বলবে, তুমি পারবে না। কেউ আবার নিজের ভয় আপনার মধ্যে ঢুকিয়ে দিতে চাইবে। কিন্তু শেষ পর্যন্ত আপনার জীবন আপনারই। অন্যের ভয় ধার করে বাঁচলে নিজের সম্ভাবনাকে কখনো চেনা যায় না।
নিজের সিদ্ধান্তের দায় নেওয়া সহজ নয়। ভুল হতে পারে, কষ্ট আসতে পারে, পথ বদলাতে হতে পারে। তবু নিজের বিবেকের উপর ভরসা করে এগোনোর মধ্যে এক ধরনের স্বাধীনতা আছে। কারণ তখন আপনি জানেন, এই পথ আপনার নিজের পছন্দের।
মানুষের পরামর্শ শুনুন, কিন্তু নিজের জীবন তার হাতে তুলে দেবেন না। যারা আপনাকে ভয় দেখায়, তারা হয়তো আপনাকে রক্ষা করতে চায়, আবার হয়তো নিজের সীমাবদ্ধতাকেই সত্য মনে করে। আপনি সব শুনে নিজের ভেতরের সত্যকে জিজ্ঞেস করুন। যে সিদ্ধান্তের সঙ্গে আপনার আত্মা শান্ত থাকে, সেটিই আপনার জন্য বেশি সত্য হতে পারে। নিজের পথে হাঁটার এই আস্থা মানুষকে পরিণত করে।
নিজের পথে হাঁটার এই আস্থা মানুষকে পরিণত করে। তখন অন্যের ভয় আর নিজের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না।
লেখক: মাহবুব সরদার সবুজ