নিজের সময়কে সম্মান করুন
ছোট লেখা |
মানুষ অনেক সময় নিজের জীবনকে অন্যের জীবনের সঙ্গে মেপে দেখে। কে কত দ্রুত সফল হলো, কে কত বেশি পেল, কার জীবন বাইরে থেকে বেশি সুন্দর—এসব তুলনা মানুষকে অস্থির করে তোলে। অথচ প্রত্যেক মানুষের পথ আলাদা, প্রস্তুতি আলাদা, সময় আলাদা। অন্যের গতিতে নিজের জীবন মাপতে গেলে নিজের পথের সৌন্দর্য চোখে পড়ে না।
আপনি হয়তো ধীরে এগোচ্ছেন, কিন্তু ধীরে এগোনো মানে পিছিয়ে থাকা নয়। অনেক কিছু তৈরি হতে সময় লাগে। নিজের ভেতর শক্তি তৈরি করা, অভ্যাস বদলানো, দক্ষতা গড়া, ভুল থেকে শেখা—এসব বাইরে থেকে দেখা যায় না। কিন্তু এগুলোই একদিন মানুষের ভিত্তি মজবুত করে।
তাই নিজের পথকে ছোট করবেন না। অন্যের সাফল্যে আনন্দিত হন, কিন্তু নিজের যাত্রাকে অসম্মান করবেন না। প্রতিদিনের ছোট অগ্রগতি একদিন বড় পরিবর্তন এনে দেয়। যে মানুষ নিজের সময়কে সম্মান করতে পারে, সে অন্যের হাততালির জন্য ব্যাকুল থাকে না। সে জানে, তার পথ দেরিতে হলেও অর্থপূর্ণ হতে পারে। নিজের যাত্রাকে সম্মান করলে অন্যের অর্জন আর নিজের ভেতরে হীনতা তৈরি করে না।
লেখক: মাহবুব সরদার সবুজ