নিজের সঙ্গ উপভোগ করতে শিখুন
ছোট লেখা |
মানুষের জীবনে একাকীত্ব সবসময় অভিশাপ নয়। কখনো কখনো একা থাকা মানুষকে নিজের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। ভিড়ের মধ্যে আমরা অনেক সময় অন্যের পছন্দ, অন্যের মতামত, অন্যের প্রত্যাশার মধ্যে নিজেকে হারিয়ে ফেলি। একা হলে বোঝা যায়, আমরা আসলে কী চাই, কোন জিনিস আমাদের ক্লান্ত করে, কোন স্বপ্ন এখনো আমাদের ভেতরে বেঁচে আছে।
একা থাকার সময়টা যদি কষ্টের সঙ্গে কাটে, তবু সেটি অর্থহীন নয়। এই সময়ে মানুষ নিজের ভুলগুলো দেখতে পারে, নিজের শক্তিকে চিনতে পারে, নিজের জীবনকে নতুনভাবে সাজানোর সুযোগ পায়। সব সময় মানুষের পাশে মানুষ থাকবে না। তাই নিজের সঙ্গ উপভোগ করতে শেখা জীবনের বড় শিক্ষা।
যে মানুষ নিজের সঙ্গে শান্তিতে থাকতে পারে, তাকে ভিড় দিয়ে ভয় দেখানো যায় না। সে সম্পর্ক চাইবে, কিন্তু ভিক্ষা করবে না; সে ভালোবাসা চাইবে, কিন্তু আত্মসম্মান হারাবে না। একা থাকা যদি আপনাকে নিজের কাছে ফিরিয়ে আনে, তবে সেটি দুর্বলতা নয়, এক ধরনের পরিণতি।
নিজের সঙ্গে এই সম্পর্ক ভালো হলে বাইরের সম্পর্কগুলোও পরিষ্কারভাবে দেখা যায়। তখন মানুষ আর ভুল ভিড়ে হারিয়ে যায় না।
লেখক: মাহবুব সরদার সবুজ