নিজের সঙ্গে শান্তিতে ঘুমানো
জীবনদর্শন |
শেষ পর্যন্ত জীবনে মানুষ যা সবচেয়ে বেশি চায়, তা হলো একটু শান্তি। অর্থ, সম্মান, পরিচিতি—সবকিছুরই মূল্য আছে, কিন্তু মন যদি প্রতিদিন অস্থির থাকে, তবে কোনো প্রাপ্তিই পুরো আনন্দ দিতে পারে না। শান্তি আসে তখন, যখন মানুষ নিজের জীবনের সঙ্গে নিজের বিবেকের বিরোধ কমিয়ে ফেলে।
আপনি যদি এমন কাজ করেন, যার জন্য নিজের কাছে লুকাতে হয়, তবে সেই অর্জনও একদিন ক্লান্তি এনে দেবে। আপনি যদি এমন সম্পর্ক রাখেন, যেখানে প্রতিদিন নিজের মর্যাদা হারাতে হয়, তবে সেই সম্পর্ক আপনাকে সুখী করবে না। আপনি যদি এমন জীবন বেছে নেন, যা শুধু অন্যকে দেখানোর জন্য, তবে ভেতরে একসময় শূন্যতা জন্ম নেবে।
নিজের জীবনকে সহজ করুন। সত্যকে সম্মান করুন, অপ্রয়োজনীয় প্রতিযোগিতা কমান, যে মানুষ আপনাকে শান্ত করে তাকে মূল্য দিন, যে পথ আপনাকে মানুষ হিসেবে ভালো রাখে সে পথ বেছে নিন। কারণ দিনের শেষে নিজের সঙ্গে শান্তিতে ঘুমাতে পারাই এক বড় অর্জন।
এই শান্তির জন্য অনেক কিছু ছেড়ে দিতে হয়। কিন্তু যে মানুষ নিজের ভেতরকে সুস্থ রাখে, সে কম নিয়েও সম্মানের সঙ্গে বাঁচতে পারে। তার কাছে জীবন তখন প্রদর্শন নয়, বরং সৎভাবে বেঁচে থাকার এক সহজ অনুশীলন।
লেখক: মাহবুব সরদার সবুজ