নিজের স্থিরতার মূল্য
জীবনদর্শন |
জীবনে অনেক মানুষ আপনার সাফল্যের কথা শুনে হাসবে, কিন্তু আপনার সংগ্রামের সময় পাশে থাকবে না। তারা ফল দেখতে চায়, পথের কাঁটা দেখতে চায় না। তারা আপনার অর্জন নিয়ে মতামত দেবে, কিন্তু আপনার পরিশ্রমের দিনে আপনাকে সাহস দিতে আসবে না। তাই মানুষের বাহবা পাওয়ার জন্য নয়, নিজের বিবেকের কাছে সৎ থাকার জন্য কাজ করুন।
আপনার স্বপ্ন যদি সত্যি আপনার হয়, তাহলে তার দায়িত্বও আপনার। সবাই বুঝবে না, সবাই সমর্থন করবে না, সবাই বিশ্বাস করবে না। কিন্তু মানুষ না বুঝলেই পথ ভুল হয়ে যায় না। অনেক সময় বড় কাজের শুরু হয় খুব একা অবস্থান থেকে। প্রথমে কেউ পাশে থাকে না, পরে ফল দেখলে অনেকেই গল্প বলতে আসে।
তাই নিরুৎসাহকে নিজের পরিচয় হতে দেবেন না। আজ যে পথ কঠিন মনে হচ্ছে, কাল সেই পথই আপনার শক্তির প্রমাণ হতে পারে। প্রতিদিন নিজের কাজটুকু করে যান। যারা শুধু ফলের সময় পাশে আসে, তাদের চেয়ে নিজের স্থিরতা অনেক বেশি মূল্যবান।
নিজের স্থিরতাকে ছোট মনে করবেন না। অনেকে দ্রুত শুরু করে হারিয়ে যায়, কিন্তু স্থির মানুষ ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করে এবং শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকে।
লেখক: মাহবুব সরদার সবুজ