নির্ভরযোগ্য মানুষের মূল্য
ছোট লেখা |
কিছু মানুষ আপনার জীবনে আশীর্বাদের মতো আসে। তারা খুব বেশি কথা বলে না, বড় বড় প্রতিশ্রুতিও দেয় না, কিন্তু কঠিন দিনে তাদের উপস্থিতি বুঝিয়ে দেয়—আপনি একা নন। এমন মানুষ কম পাওয়া যায়। তারা আপনার সাফল্যে নিজেদের ছোট মনে করে না, আপনার আনন্দে সত্যি খুশি হয়, আপনার ব্যর্থতায় আপনাকে অপমান করে না।
এই মানুষগুলোকে চেনার জন্য সময় লাগে। কারণ তারা ঢাকঢোল পিটিয়ে আসে না। তারা সহজভাবে পাশে থাকে, স্বাভাবিকভাবে খোঁজ নেয়, আপনার দুর্বলতাকে নিরাপদ রাখে। তাদের সঙ্গে কথা বললে নিজেকে প্রমাণ করতে হয় না। সেখানে আপনি মানুষ হিসেবে গ্রহণযোগ্য থাকেন।
জীবনে এমন মানুষ পেলে যত্নে রাখুন। অহংকার, ব্যস্ততা, অবহেলা দিয়ে তাদের দূরে ঠেলে দেবেন না। পৃথিবীতে অনেক পরিচিত মানুষ পাওয়া যায়, কিন্তু নির্ভরযোগ্য মানুষ খুব কম। যে মানুষ আপনার খারাপ সময়েও আপনাকে ছোট করে না, সে আপনার জীবনের সম্পদ। তাকে সাধারণ সম্পর্ক ভেবে হারাবেন না। কৃতজ্ঞতা প্রকাশ করতে শিখুন, কারণ সত্যিকারের আপন মানুষের মূল্য হারানোর পর সবচেয়ে বেশি বোঝা যায়। তাদের পাশে থাকাও সম্পর্কের দায়িত্ব।
লেখক: মাহবুব সরদার সবুজ