অবহেলাকে ভালোবাসা ভাববেন না
ছোট লেখা |
নিজেকে ভালোবাসা মানে শুধু নিজের জন্য সুন্দর কথা বলা নয়; নিজেকে ভালোবাসা মানে নিজের ক্ষতির জায়গা থেকে সরে আসার সাহস রাখা। যে সম্পর্ক আপনাকে ভেতর থেকে শেষ করে, যে কাজ আপনাকে মানুষ হিসেবে ছোট করে, যে অভ্যাস আপনাকে প্রতিদিন পিছিয়ে দেয়—সেখান থেকে বেরিয়ে আসার সিদ্ধান্তই আত্মপ্রেমের আসল পরিচয়।
অনেকেই নিজেকে ভালোবাসার কথা বলে, কিন্তু নিজের প্রতি নিষ্ঠুর থাকে। অপ্রয়োজনীয় তুলনা করে, পুরোনো ভুল নিয়ে নিজেকে শাস্তি দেয়, অন্যের অবহেলাকে নিজের অযোগ্যতা ভাবে। এইসব ভাবনা মানুষকে ধীরে ধীরে দুর্বল করে। নিজেকে দোষারোপ নয়, নিজেকে গড়ে তোলা দরকার।
আপনি নিখুঁত নন, কিন্তু আপনি মূল্যহীনও নন। আপনার ভুল আছে, তবুও আপনার নতুন করে শুরু করার অধিকার আছে। নিজের প্রতি একটু সহানুভূতি রাখুন। যে মানুষ নিজেকে সম্মান করতে শেখে, সে আর অবহেলাকে ভালোবাসা বলে ভুল করে না।
নিজেকে ভালোবাসা মানে নিজের জীবনের প্রতি দায়িত্বশীল হওয়া। যে সিদ্ধান্ত আপনাকে সুস্থ করে, যে দূরত্ব আপনাকে শান্ত করে, যে অভ্যাস আপনাকে গড়ে তোলে—সেগুলোকে আপন করে নিন। নিজের প্রতি এই দায়িত্বই একদিন আপনাকে ভেতর থেকে শক্ত করে।
লেখক: মাহবুব সরদার সবুজ