অভিমান মানে আশা
কবিতা |
তোমার তরেই ক্রোধ জাগে, তুমি যে আমার একান্ত,
অভিমানও তোমাকেই ঘিরে, তুমি যে হৃদয়ের প্রান্ত।
যারে বাঁধেনি কোনো মায়াডোর, তারে কেন রোষ,
অভিমান শুধু সেই প্রিয়জনে, যেখানে ভালোবাসার কোষ।
যখন আমার নীরব ব্যথা তোমার কাছে অধরা রয়,
ভাবি বুঝি ভুল ঠিকানায় দিয়েছি এ মন আশ্রয়।
তবুও প্রভাতে নতুন করে জাগে সেই একই বিশ্বাস,
ভুল নয় এ প্রেম, শুধু সময়ের কঠিন পরিহাস।
চাই না তুমি মেনে নাও আমার প্রতিটি কথা,
শুধু চাই অনুভব করো আমার অব্যক্ত ব্যথা।
চাই না তুমি সদা হও আমার ছায়ার মতো,
শুধু চাই পাশে থেকো, যখন পথ হয় ক্ষত।
অভিমান তো নয় বিচ্ছেদ, অভিমান তো এক আশা,
অভিমান মানে আজও বুঝি, তুমি বুঝবে এ ভালোবাসা।
যেদিন ফুরিয়ে যাবে অভিমানের শেষ রেশ,
জেনে রেখো, সেদিনই ফুরোবে এই ভালোবাসার দেশ।
লেখক: মাহবুব সরদার সবুজ