অভ্যাসের কষ্ট
কবিতা |
তোমার বিদায়ের পর হৃদয় বুঝলো এ কেমন খেলা,
প্রতিটি শ্বাসে, প্রতিটি কাজে তুমি ছিলে অভ্যাসের মেলা।
প্রভাতে জাগি, খুঁজি তোমার বার্তা, শূন্যতা করে হাহাকার,
নিশীথে শয়নে, স্মৃতির গভীরে, তুমিই ছিলে একমাত্র সার।
এই যে ক্ষুদ্র প্রাত্যহিকতা, আজ সে তীব্র দহন,
অভ্যাসগুলো আজও জীবন্ত, শুধু তুমি নেই, এ কেমন মরণ!
হাতে নিই মুঠোফোন, আবার রাখি বিষণ্ণতায়,
কার তরে লিখি বার্তা, কার সাথে করি কথা বিনিময়?
প্রিয়জন হারানোর বেদনা, সে তো এক নীরব উপলব্ধি,
প্রথমে আঘাত হানে, তারপর অভ্যাসগুলো হয় অন্তিম শাস্তি।
বহুদিন হলো তুমি নেই, স্মৃতির পথ ধরে হেঁটে চলা,
তবুও তোমার তরে গড়া অভ্যাসগুলো, আজও যায়নি ভোলা।
লেখক: মাহবুব সরদার সবুজ