পাশে থাকলে কষ্ট কমে
কবিতা |
তুমি শুধায়েছিলে, "কেমন আছো, হে সখা?"
মিথ্যার আবরণে ঢেকে কহিলাম, "ভালো।"
বুঝিয়াও বুঝিবা নীরব ছিলে তুমি,
আমি ভাবিয়াছি, বুঝি নাই তব আলো।
লুকাইয়া রাখা এ ব্যথার প্রদীপখানি,
ছিল কি উচিত, সে প্রশ্ন জাগে মনে।
কহিলে হয়তো পেতেম সান্ত্বনা বাণী,
নতুবা হারাতাম তোমারে এ জীবনে।
নাহি চাহি তব কাছে সকল যাতনা খুলি,
শুধু জানিও, মোর অন্তরে বাজে ব্যথা।
নাহি চাহি তুমি হও সমস্যার কান্ডারি,
শুধু পাশে থেকো, যখন আঁধার কথা।
ব্যথিত হৃদয় সব কথা নাহি কয়,
তবু পাশে থাকা এক নিরাময়।
যদি রও পাশে, সব কহিব তোমায়,
নতুবা একাকী এ পথ পাড়ি দেবো নিশ্চয়।
লেখক: মাহবুব সরদার সবুজ