প্রাপ্তিকে সম্মান করতে শিখুন
ছোট লেখা |
কৃতজ্ঞতা মানুষের জীবনকে ভিন্নভাবে দেখতে শেখায়। যার চোখ শুধু অভাব দেখে, সে প্রাপ্তির মাঝেও অসুখী থাকে। আর যে মানুষ সামান্য প্রাপ্তিকেও সম্মান করতে জানে, তার জীবন কঠিন হলেও পুরোপুরি নিঃস্ব হয় না। আমাদের অনেক কষ্ট আছে, কিন্তু তার মধ্যেও কিছু আশ্রয় থাকে, কিছু সুযোগ থাকে, কিছু মানুষ থাকে, কিছু শুরু করার ক্ষমতা থাকে।
জীবনের প্রতি কৃতজ্ঞ হওয়া মানে কষ্টকে অস্বীকার করা নয়। বরং কষ্টের পাশাপাশি প্রাপ্তিকেও দেখা। আপনি হয়তো সবকিছু পাননি, কিন্তু যা পেয়েছেন তার মূল্য বোঝাও পরিণতি। আজ যে মানুষ, স্বাস্থ্য, সময়, সুযোগকে সাধারণ মনে হচ্ছে, কাল সেগুলোই অমূল্য মনে হতে পারে।
তাই প্রতিদিন একটু থামুন এবং নিজের জীবনের প্রাপ্তিগুলোর দিকে তাকান। এতে সমস্যা মুছে যাবে না, কিন্তু মন শক্তি পাবে। কৃতজ্ঞতা মানুষকে মাটির কাছে রাখে, অহংকার কমায়, অভিযোগের পরিমাণ কমায়। যে মানুষ প্রাপ্তির মর্যাদা বোঝে, সে অভাবের মধ্যেও নিজের হৃদয়কে তিক্ত হতে দেয় না।
প্রাপ্তির প্রতি শ্রদ্ধা মানুষকে শান্ত করে। তখন অভাব থাকলেও মন পুরোপুরি অভিযোগে ভরে যায় না।
লেখক: মাহবুব সরদার সবুজ