প্রাপ্তির হিসাব ভুলে যাবেন না
ছোট লেখা |
মানুষের জীবনে কৃতজ্ঞতা এমন এক অভ্যাস, যা অভাবের মধ্যেও মনকে সমৃদ্ধ করে। সবকিছু না পেয়েও যে মানুষ পাওয়া জিনিসগুলোর মূল্য বোঝে, তার জীবন কখনো পুরোপুরি দরিদ্র হয় না। আমাদের অনেকেরই চোখ সব সময় অপূর্ণতার দিকে থাকে; তাই হাতে থাকা প্রাপ্তিগুলোকে আমরা সহজে দেখি না। অথচ আজ যে জিনিসগুলোকে স্বাভাবিক মনে হচ্ছে, কাল সেগুলোর জন্যই হয়তো মন কাঁদবে।
একটু ভেবে দেখুন, আপনি এখনো বেঁচে আছেন, চেষ্টা করার সুযোগ আছে, ভুল সংশোধনের সময় আছে, কিছু মানুষ আছে যারা আপনার ভালো চায়। এগুলো ছোট বিষয় নয়। জীবন সব সময় আমাদের চাওয়া মতো চলে না, কিন্তু তবু জীবনের মধ্যে কৃতজ্ঞ হওয়ার মতো কিছু না কিছু থাকে।
কৃতজ্ঞ মানুষ হতাশ হয় না এমন নয়; সে কষ্ট পায়, ভাঙে, কাঁদে। কিন্তু সে জানে, কষ্টের মধ্যেও প্রাপ্তির হিসাব ভুলে গেলে মন আরও নিঃস্ব হয়ে যায়। তাই যা নেই তার জন্য চেষ্টা করুন, কিন্তু যা আছে তার প্রতি শ্রদ্ধা হারাবেন না। কৃতজ্ঞতা মানুষকে মাটির কাছাকাছি রাখে, আর মাটির কাছাকাছি মানুষ কখনো অহংকারে নষ্ট হয় না।
লেখক: মাহবুব সরদার সবুজ