প্রাপ্তির হিসাব মনে রাখুন
জীবনদর্শন |
কৃতজ্ঞতা মানুষকে ছোট করে না, বরং মানুষের মনকে সুন্দর করে। জীবনে যারা একটু পাশে ছিল, যারা কঠিন সময়ে একটি সৎ কথা বলেছিল, যারা বিশ্বাস হারানোর দিনে হাত বাড়িয়েছিল—তাদের মনে রাখা দরকার। মানুষ অনেক সময় না-পাওয়ার হিসাব করতে করতে পাওয়া জিনিসগুলোর মূল্য ভুলে যায়।
সব প্রাপ্তি বড় আকারে আসে না। কখনো একটি খোঁজ, একটি দোয়া, একটি সাহায্য, একটি আন্তরিক পরামর্শ মানুষকে বাঁচিয়ে রাখে। যে মানুষ এসব ছোট প্রাপ্তিকে সম্মান করতে পারে, তার মন সহজে তিক্ত হয় না। কারণ সে জানে, জীবনে সবকিছু না পেলেও অনেক কিছু পাওয়া আছে।
কৃতজ্ঞতা মানে কষ্ট অস্বীকার করা নয়। কৃতজ্ঞতা মানে কষ্টের মাঝেও যে মমতা পেয়েছি, তাকে দেখতে পারা। যে মানুষ কৃতজ্ঞ থাকতে শেখে, সে জীবনকে শুধু অভিযোগের চোখে দেখে না। তার ভেতরে শান্তি জন্মায়, কারণ সে জানে—অভাব আছে, তবুও প্রাপ্তিও আছে। এই বোধ মানুষকে পরিণত করে। প্রাপ্তিকে স্মরণ করলে মন অহেতুক অভিযোগে ডুবে থাকে না, বরং জীবনের প্রতি নম্র হয়।
প্রাপ্তিকে স্মরণ করলে মন অহেতুক অভিযোগে ডুবে থাকে না, বরং জীবনের প্রতি নম্র হয়। এই নম্রতাই মানুষকে সুন্দর করে।
লেখক: মাহবুব সরদার সবুজ