সব ব্যাখ্যার দায় আপনার নয়
জীবনদর্শন |
মানুষের জীবনে এমন কিছু সময় আসে, যখন সে বুঝতে পারে সবাইকে খুশি রাখা সম্ভব নয়। আপনি যতই ভালো হতে চান, কারো না কারো চোখে আপনার কমতি থাকবেই। কেউ আপনার সিদ্ধান্ত পছন্দ করবে না, কেউ আপনার চুপ থাকা ভুল বুঝবে, কেউ আপনার দূরে থাকা অহংকার ভাববে। কিন্তু জীবনের সবচেয়ে বড় শান্তি হলো, সব ব্যাখ্যার দায় থেকে নিজেকে মুক্ত করা।
আপনি যদি জানেন আপনার উদ্দেশ্য সৎ, আপনার আচরণে কাউকে ইচ্ছা করে আঘাত করার মন নেই, তাহলে প্রত্যেক মানুষের কাছে নিজেকে প্রমাণ করার দরকার নেই। পৃথিবীতে অনেকেই বিচার করবে নিজের সুবিধা অনুযায়ী। তারা আপনার পুরো পথ দেখবে না, শুধু যে অংশ দেখে মত তৈরি করা সহজ, সেই অংশটুকুই দেখবে।
তাই নিজের বিবেককে সঙ্গী করুন। মানুষ বদলাবে, মন্তব্য বদলাবে, সম্পর্কের অবস্থান বদলাবে; কিন্তু নিজের কাছে সৎ থাকার শক্তি আপনাকে বারবার বাঁচাবে। যে মানুষ নিজের সত্যকে সম্মান করে, সে একদিন অন্যের ভুল বোঝাকেও শান্তভাবে মেনে নিতে শেখে।
মনে রাখবেন, নিজের পথের প্রতি এই আস্থা একদিন আপনাকে মানুষের অস্থির বিচার থেকে দূরে রাখবে। তখন আপনি বুঝবেন, সৎ থাকা নিজেই বড় অর্জন।
লেখক: মাহবুব সরদার সবুজ