সব হারানো ক্ষতি নয়
ভালোবাসা |
কিছু মানুষ আপনার জীবন থেকে চলে যায়, কিন্তু তাদের চলে যাওয়া আপনার ক্ষতি নয়; বরং আপনার মুক্তি। আমরা অনেক সময় মানুষ ধরে রাখার নামে নিজের আত্মসম্মান, নিজের শান্তি, নিজের স্বাভাবিকতা সবকিছু হারিয়ে ফেলি। ভাবি, এই মানুষটা না থাকলে জীবন অসম্পূর্ণ হয়ে যাবে। পরে বুঝি, যে মানুষ আমাদের প্রতিদিন অস্থির করে, তার অনুপস্থিতিই আসলে শান্তির শুরু হতে পারে।
সব হারানো কষ্টের, কিন্তু সব হারানো খারাপ নয়। কিছু দূরত্ব আপনাকে নিজের কাছে ফিরিয়ে দেয়। কিছু বিচ্ছেদ আপনাকে শেখায়, আপনি কারো অবহেলার যোগ্য নন। কেউ যদি আপনার ভালোবাসাকে দুর্বলতা ভাবে, আপনার সহ্যকে অধিকার ভাবে, আপনার ক্ষমাকে সুযোগ ভাবে—তবে সে আপনার জীবনে থাকার মর্যাদা রাখে না।
বিদায়কে ভয় করবেন না। যে মানুষ সত্যিকারের আপনার, সে আপনাকে ভেঙে রাখবে না। আর যে মানুষ চলে গিয়ে আপনার ভেতরে শান্তি ফিরিয়ে আনে, তাকে হারানো নয়, মুক্তি বলা যায়। নিজেকে এতটা ভালোবাসুন যে অসম্মানের সম্পর্ককে আর আশ্রয় মনে না হয়। জীবনের দরজা বন্ধ হলে অনেক সময় নিজের জন্য নতুন পথ খুলে যায়।
লেখক: মাহবুব সরদার সবুজ