সবাইকে উত্তর দেওয়া দরকার নেই
জীবনদর্শন |
জীবনের বড় শিক্ষা হলো, সবাইকে উত্তর দেওয়া দরকার নেই। কেউ ভুল বুঝবে, কেউ ইচ্ছা করে ভুল ব্যাখ্যা করবে, কেউ আপনার নীরবতাকেও অহংকার বলবে। কিন্তু আপনি যদি প্রতিটি মানুষের কাছে নিজের সত্য প্রমাণ করতে যান, তাহলে নিজের শান্তি হারিয়ে ফেলবেন। সব আদালতে নিজেকে দাঁড় করানো মানুষের কাজ নয়।
আপনি কী করেছেন, কেন করেছেন, কোন পরিস্থিতিতে সিদ্ধান্ত নিয়েছেন—এসব সবসময় সবাই জানবে না। আর সবাই জানলেও সবাই বুঝবে, এমন নিশ্চয়তা নেই। তাই নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকাই সবচেয়ে বড় শান্তি। মানুষের ধারণা বদলাতে গিয়ে নিজের জীবন নষ্ট করবেন না।
কিছু ভুল বোঝাবুঝি সময়ের হাতে ছেড়ে দিন। কিছু অভিযোগকে উত্তর না দিয়েও মর্যাদা রাখা যায়। আপনার কাজ, আপনার চরিত্র, আপনার ধারাবাহিকতা একসময় অনেক কথার চেয়ে বেশি বলে। যে মানুষ নিজের সত্য জানে, সে অযথা ব্যাখ্যার ভিড়ে নিজেকে হারায় না। সে শান্ত থাকে, কারণ তার ভেতরে নিজের কাছে কোনো লজ্জা নেই। এই শান্তি কোনো তর্কে জয় পাওয়ার চেয়েও বড়।
এই শান্তি কোনো তর্কে জয় পাওয়ার চেয়েও বড়। কারণ নিজের কাছে পরিষ্কার থাকা মানুষের সবচেয়ে বড় শক্তি।
লেখক: মাহবুব সরদার সবুজ